শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৬জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই মোজাফফর হোসেন আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করা হয়।
পরবর্তীতে ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের দিকনির্দেশনায় ডিবির একটি চৌকস দল বুধবার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পরপরই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করে ডিবি পুলিশ। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি বিশেষ দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।
দীর্ঘ প্রায় চার দশকেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে জিয়াউর রহমান হত্যা মামলার একটি দীর্ঘ অধ্যায়ের আইনি প্রক্রিয়ায় নতুন গতি এল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য যে, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের গ্রেপ্তার ও বিচারের প্রক্রিয়া বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
জেএস